Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

৫ বছর পর ফিরল ‘জন আহার’, ১৫ টাকায় ভরপেট খাওয়া শিয়ালদহে

ভোরাই ডেস্ক: করোনা অতিমারির জেরে ২০২০ সালে মার্চে বন্ধ হয়ে গিয়েছিলো শিয়ালদহ স্টেশনের ‘জন আহার’। তার পর থেকে সেখানে দুটি বেসরকারি খাবারের দোকান এবং কয়েকটি স্টল ছিলো। কিন্তু সেগুলির কোনোটাতেই আম জনতার চাহিদা মিটতো না। পাঁচ বছর পর সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে ফিরে এসেছে ‘জন আহার’। আর সেই সুখবরের নাম ‘জনতা মিল’।

সাত পিস কচুরি, আলু-সব্জি, আচার, এক পিস লঙ্কা। পেট ভর্তি করা এই খাবার মিলবে মাত্র ১৫ টাকায়! দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের দিকে যাওয়ার পথেই পড়ে ‘জন আহার’ স্টল। প্রতিদিন গড়ে প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের জীবনযাপনের খরচ অপেক্ষাকৃত কম। তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় রেলের শিয়ালদহ ডিভিশনের এই ‘জনতা মিল’। শিয়ালদহ স্টেশনের মতো ব্যস্ত ও জনবহুল এলাকায় ১৫ টাকায় ভরপেট কচুরি পাওয়া গেলে অনেকের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ‘জন আহার’-এ রয়েছে অন্যান্য বহু ধরনের খাবার। সবকিছুই বাজারদরের তুলনায় কম দামে।

‘জন আহার’ স্টলের জন্য ‘সিকিউরিটি ডিপোজিট’-এর পরিমাণ অনেকটাই কম রেখেছিলো শিয়ালদহ ডিভিশন। অর্থাৎ ঘুরপথে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাত্রীদের জন্য। এভাবে যাত্রীদের জন্য সস্তায় খাবার নিশ্চিত করতে চেয়েছে রেল। পাশাপাশি রেলকর্তারা বলছেন, খাবারের গুণমানের দিকে তারা কড়া নজর রাখবেন।

নিরামিশাষী যাত্রীর পাশাপাশি বহু যাত্রী নির্দিষ্ট দিনে আমিষ-নিরামিষ ভেদে খাবার খান। সেই কথা মাথায় রেখে আমিষ ও নিরামিষ খাবারের বাসন পৃথক করে দেওয়া হয়েছে শিয়ালদহ ‘জন আহার’-এ।