Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নির্মীয়মাণ বাড়িতে আবশ্যিক কিউআর কোড

বেআইনি নির্মাণ, বাড়ি ভেঙে পড়ার ঘটনার কমতি নেই কলকাতায়। ঘটছে বিপর্যয়ও। পরিস্থিতি সামলাতে নানা উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এবার ‘অন স্পট’ বেআইনি নির্মাণ চিহ্নিত করার পদ্ধতি চালু করল তারা। সম্প্রতি পুরসভার তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য বোর্ডে লিখে নির্মীয়মাণ ভবনের গায়ে ঝোলানো বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে বোর্ডে রাখতে হবে একটি কিউ আর কোড। বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময় পুরসভা থেকে সংশ্লিষ্ট আবেদনকারীকে ওই কিউ আর কোডটি দেওয়া হবে। সেই কোড স্ক্যান করলে সহজেই সামনে চলে আসবে ওই নির্মাণ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য। কেউ নিয়মের অন্যথা করলে সংশ্লিষ্ট নির্মাণকে বেআইনি বলে গণ্য করা হবে এবং পুরসভা কাজ বন্ধের নোটিস ধরাবে।

এর আগে,  কোনো নির্মাণ বৈধ না অবৈধ বা কতটা অংশ বৈধ—তা নির্মাণস্থলে দাঁড়িয়েই যাচাই করে নেওয়ার সুযোগ ছিল না। কিউ আর কোড সহ বোর্ড বসানো থাকলে সহজেই সেই কাজ করা যাবে।
নির্দেশিকায় বলা হয়েছে, মালিক, প্রোমোটার বা ডেভেলপারের নাম, ঠিকানা বা প্রেমিসেস নম্বর, পশ্চিমবঙ্গ রেরা রেজিস্ট্রেশন নম্বর, প্ল্যানের অনুমোদন নম্বর ও তারিখ, জমির আয়তন এবং ক’টি তলের বিল্ডিং ইত্যাদি তথ্য বোর্ডে লিখতে হবে। সেই সঙ্গে থাকবে পুরসভার দেওয়া কিউ আর কোড, যা স্ক্যান করে ওই নির্মাণ সম্পর্কিত আরও ১৪টি তথ্য পাওয়া যাবে। যতদিন নির্মাণ সম্পন্ন না হচ্ছে, ততদিন ওই বোর্ড লাগিয়ে রাখতে হবে। ছ’ফুট বাই চার ফুটের একটি টিনের বোর্ডে পুরসভার দেওয়া কিউ আর কোড এক ফুট বাই এক ফুট অংশে ‘ডিসপ্লে’ করতে হবে। (সূত্র: বর্তমান)