ভোরাই ডেস্ক: ইঞ্চি দুয়েক লম্বা যন্ত্র। ব্যাটারি চালিত। কোনো তার বা লিড জুড়ে নেই। কাটতে হবে না বুকের চামড়া। স্রেফ গলার কাছে একটা ছোটো ফুটো করলেই চলবে। এমনই এক পেসমেকার বসালো হয়েছে ৯২ বছর বয়স এক মহিলার হৃদযন্ত্রে। দেশে প্রথম। অস্ত্রোপচার সফল। তারপর সুস্থই আছেন এলিজাবেথ ফিজার্ডো নামে ওই মহিলা। অস্ত্রোপচার-জনিত কোনো যন্ত্রণাও নেই।
এলিজাবেথ ফিজার্ডো নামে ওই মহিলার হার্টে ব্লকেজ ধরা পড়েছিল। হাঁটাচলা করার সময় শ্বাসকষ্ট হত তাঁর। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখে পেসমেকার বসানোরই সিদ্ধান্ত নেন। তবে, নবতিপর মহিলার বুকের চামড়া কেটে পেসমেকার বসানোর ঝুঁকি অনেক। তাই ‘লিডলেস পেসমেকার’ বেছে নেন চিকিৎসকেরা। কারণ একমাত্র এই ধরনের পেসমেকারই কোনও রকম কাটাছেঁড়া ছাড়াই ‘মিনিমাল ইনভেসিভ’ পদ্ধতিতে হার্ট অবধি পৌঁছে দেওয়া সম্ভব। অস্ত্রোপচারটি হয়েছে মুম্বইয়ের এসএল রাহেজা হাসপাতালে।
চিকিৎসকরা বলছেন, কোনও লিড না থাকায় অধিকতর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন পেসমেকার ব্যবহারকারীরা। গাড়ি চালাতে, সাঁতার কাটতেও কোনও সমস্যা হবে না। রোগী কোনো আঘাত পলে সাধারণ পেসমেকারের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সেটাও নেই। এটা এমন ভাবে ডিজ়াইন করা, যাতে যে কোনও সময় শরীর থেকে খুলে ফেলা যাবে যন্ত্রটি।
এই তারহীন পেসমেকারের ব্যাটারির আয়ু ১০-১৫ বছর। খরচ? বৃদ্ধার পরিবারের কত খরচ হয়েছে, তা জানা না গেলেও, জানা গেছে, ভারতে এই পেসমেকার কিনে বসাতে ৮ থেকে ১২ লক্ষ টাকা অবধি খরচ হতে পারে। (সূত্র: আনন্দবাজার পত্রিকা)


