Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করে তরুণীর দৃষ্টি ফেরালো কলকাতার হাসপাতাল

ভোরাই ডেস্ক: কয়েকদিন ধরে ঝাপসা দেখছিলেন। কিন্তু ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একদিন হঠাৎ চোখের সামনের দুনিয়াটা প্রায় অন্ধকার হয়ে গেল।

অথচ বেহালা শখেরবাজারের বছর পঁয়ত্রিসের তরুণী টিয়া ভট্টাচার্যের চোখের তেমন সমস্যা ছিল না। তাই দিশাহারা হয়ে পড়েন তিনি ও তাঁর পরিবার। পরিচিত চক্ষুরোগ বিশেষজ্ঞর কাছে যান প্রথমে। তিনি বুঝতে পারেন সমস্যাটা চোখের নয়। তিনি টিয়াকে রেফার করেন সিএমআরআই হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ সীতাংশুশেখর নন্দীর কাছে। তখন টিয়ার মাঝেমধ্যে দৃষ্টি ফিরে এলেও তা ঝাপসা এবং সব কিছু দুটো করে দেখছেন (ডাবল ভিশন)। সঙ্গে মাথাব্যথা ও বমি।

জানা যায়, মস্তিষ্কের অভ্যন্তরীণ চাপ বেড়ে গিয়েছে টিয়ার। তাই চোখের তেমন সমস্যা না থাকলেও আচমকাই দৃষ্টি চলে যায় কনটেন্ট রাইটার এই তরুণীর। সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি করার পরে মেডিক্যাল টিম নিশ্চিত হয়, সমস্যাটা ‘ইডিয়োপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন’ ছাড়া অন্য কিছু নয়। এতে অজ্ঞাত কারণে মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায়। টিয়ার মস্তিষ্কের একটি অংশে রক্তপ্রবাহ এতটাই বিঘ্নিত হচ্ছিল যে খুলির মধ্যে রক্তচাপ বেড়ে যায়। যা অপটিক নার্ভে অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল। উল্লেখ্য, এই স্নায়ুর মাধ্যমেই আমরা দেখতে পাই।

যে ভাবে হার্টে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়, অনেকটা সে ভাবেই ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট দীপ দীপ দাসের নেতৃত্বে ক্যাথল্যাবে ধমনীর মধ্যে দিয়ে ক্যাথিটারের সাহায্যে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশে একটি স্টেন্ট বসিয়ে দেওয়া হয়। এর পরেই ধীরে ধীরে দৃষ্টি ফিরে আসে টিয়ার।

এখন নিয়মিত চেকআপে আছেন টিয়া। মাঝেমধ্যে সমস্যা হলেও স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন তিনি।