ভোরাই ডেস্ক: বাড়িতে অতিথি এলে গাড়ি রাখার ঝঞ্ঝাট নিয়ে আমরা অনেকেই অবহিত। রাস্তায় পার্কিং নিয়ে ঝগড়া, হাতাহাতি এমনকি খুনের ঘটনাও খবরে দেখা যায়। রাস্তায় বা গলিতে দীর্ঘক্ষণ কোনো গাড়ি পার্ক করা থাকলে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। আবাসনের ক্ষেত্রে বিষয়টা আরও সমস্যাজনক, কারণ সেখানে সবটাই পরিকল্পনা মাফিক তৈরি হওয়ায় বাড়তি গাড়ি রাখার মতো ফাঁকা জায়গা থাকে না বললেই চলে। শহরের পুরনো অনেক আবাসনে নোটিস ঝোলানো থাকে যে, ভিজ়িটরদের গাড়ি রাখা যাবে না।
এই সমস্যা দূর করতে কলকাতা শহরের নতুন আবাসনগুলিতে এ বার থেকে অতিথিদের গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং-এর জায়গা রাখা বাধ্যতামূলক হতে চলেছে। এমনই এক নতুন বিধি চালু করার পথে কলকাতা পুরসভা। পাঁচ হাজার বর্গমিটার বা তার বেশি আয়তনের আবাসনে ‘ভিজ়িটর্স পার্কিং স্পেস’ রাখা আবশ্যিক করার প্রস্তাব পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে।
এই নিয়ম কার্যকর করতে সংশোধন করা হবে বিদ্যমান ‘বিল্ডিং রুল ২০০৯’। পুরসভা সূত্রে জানা গিয়েছে, খসড়া সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, ১৫ হাজার বর্গমিটারের বেশি এলাকাযুক্ত এবং কমপক্ষে ১০০টি ফ্ল্যাট থাকা আবাসনকে বড় আবাসন হিসেবে গণ্য করা হবে। সেই সব বড় আবাসনে কমপক্ষে ১০০ বর্গমিটার সাধারণ জায়গা রাখতে হবে, যেখানে অতিথিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
এখনও পর্যন্ত কলকাতা পুরসভার বিধিতে বড় আবাসনের কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। এবার সেই সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি স্বল্পমূল্যের আবাসনের কথাও যুক্ত করা হচ্ছে সংশোধিত নিয়মে। (সূত্র: আনন্দবাজার পত্রিকা)


