Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

মোজা’ দিয়ে জলদূষণ রোধ! জানুন কীভাবে তা সম্ভব হচ্ছে

কেমন হয় যদি বিভিন্ন জলাশয়, খাল,বিল,নদীর জলকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচিয়ে দেয় সাধারণ একটি মোজা??
অবাক হলেন??

এমনই হয়েছে অস্ট্রেলিয়ার কুইনানা শহরে। ২০১৮ সালে এই শহরে স্টর্ম ওয়াটার ড্রেন পাইপের মুখে নেটের তৈরি ‘ড্রেন সক্স’ লাগিয়েছিল কর্তৃপক্ষ, যাতে বর্ষার জলবাহিত হয়ে সারা শহরের আবর্জনা, বিশেষত প্লাস্টিকের ব্যাগ, বোতল ইত্যাদি নদী নালায় প্রবাহিত হয়ে দূষণ ছড়াতে না পারে।

ফলস্বরূপ অতি কম খরচে এবং কম সময়ে হাজার হাজার টন আবর্জনাকে ছেঁকে ফেলে জলদূষণ প্রতিরোধে সক্ষম হয়েছে এই শহর। এই পুরো প্রক্রিয়ায় খরচ হয়েছে মাত্র কুড়ি হাজার অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য মাত্র এগার লাখ টাকা।

সারা বিশ্বের নজর তাই এখন অস্ট্রেলিয়ার দিকে। এত সাধারণ উপায়ে অসাধারণ সমস্যার সমাধান করেছে তারা।
কেন এটি অসাধারণ?? পরিসংখ্যান বলছে প্রতিবছর বিশ্বব্যাপী ১৪ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে, মহাসাগরে মেশে, যা কয়েক শতাব্দী ধরে অক্ষত থাকে শুধু তাই নয় ধ্বংস করে জলজ প্রাণীকূলকেও। এই বড় বড় জালগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

যদিও এই জাল দিয়ে জলে মিশে থাকা কেমিক্যাল বা সেডিমেন্ট-এর জলে পড়া আটকানো যায় না এবং জলের উপচে পড়া এড়াতে এই জালগুলিকে নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তবু বড় আবর্জনার ক্ষেত্রে এই ব্যবস্থা খুবই কাজের।

নাগরিক সচেতনতারও প্রয়োজন আছে এক্ষেত্রে। মানুষকেও বুঝতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা কাজের কাজ নয়।

তবু বলা যায় যে উপযুক্ত নাগরিক সচেতনতার বৃদ্ধির পাশাপাশি এই জাল ব্যবস্থার উপযুক্ত প্রয়োগ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মত শহরগুলোকে বর্ষার সময়, ড্রেনের মুখ আটকে গিয়ে হওয়া ফ্লাশ ফ্লাড থেকে রক্ষা করতে পারে।
কুইনানার সাফল্য ইতিমধ্যেই আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন শহরকে পরীক্ষামূলক ভাবে ড্রেন সক্স ব্যবহারে উদ্বুদ্ধ করেছে।

ভারত কি এগোবে এই পথে?