Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

দেশের ‘সবচেয়ে ভেগান-বন্ধু শহর’ কোনটি? শুনলে চমকে যাবেন

আমিষ খাবারের জগতে ভারতের অন্যতম বাংলার রাজধানী কলকাতা। বিরিয়ানি থেকে কাতলা, মাংস থেকে চিংড়ি—এই শহর যেন বহু বছর ধরেই রসনাপ্রিয় মানুষের মক্কা। আর সেই কলকাতাকেই এবার India’s Most Vegan-Friendly City 2025 ঘোষণা করেছে PETA India।
পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাতে।

এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেককেই চমকে দিয়েছে, কারণ দেবী দুর্গার আরাধনার সময় গোটা উত্তর ভারত যখন সাত্ত্বিক খাদ্যে থাকে, তখন কলকাতা নিজেকে সাজিয়ে তোলে তার সর্বোৎকৃষ্ট আমিষের ডালি নিয়ে।
শারদীয়া দুর্গাপুজোয় বিরিয়ানি–চিকেন–মাছ খাওয়ার জন্য সাম্প্রতিক কালে প্রচুর সমালোচনারও সম্মুখীন হয়েছে বাঙালি জাতি, তবুও কেন শীর্ষে কলকাতা—জানাল পেটা।
বাঙালি রান্নাঘরেই লুকিয়ে অসংখ্য নিরামিষ রত্ন
পেটার পর্যবেক্ষণ বলছে—
১. বাঙালির ট্রাডিশনাল খাদ্যাভ্যাস:- বাঙালি রান্নায় এমন বহু পদ রয়েছে, যেগুলো স্বাভাবিকভাবেই ভেগান; কিন্তু আমরা সেগুলোর কথা আলাদা করে ভাবি না।
যেমন— আলু পোস্ত, আলুরচপ, ছোলার ডাল, টমেটো-খেজুর চাটনি, বিভিন্ন ঘরোয়া নিরামিষ পদ থেকে জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা—এসব পদ ঘি ছাড়া রান্না করলে পুরোপুরি নিরামিষ।

২. উদ্ভিদ-ভিত্তিক খাদ্যসংস্কৃতি উত্তরোত্তর বাড়ছে কলকাতায়
কলকাতার রেস্তোরাঁ সংস্কৃতিও এখন দৃঢ়ভাবে পৃষ্ঠপোষকতা করছে প্লান্ট-বেসড বা উদ্ভিদ-ভিত্তিক খাদ্যাভ্যাসকে। Burma Burma এবং The Flaming Bowl-এর মতো রেস্তোরাঁ ছাড়াও Aldo Cafe, Out and Beyond, Glenburn Cafe এবং Sienna Store and Cafe—এসব ক্যাফেতে পাওয়া যায় প্লান্ট মিল্ক।
ভেগান কেক ও আইসক্রিমের জন্য রয়েছে The Daily। সম্পূর্ণ ভেগান ক্লাউড বেকারি Oven to Plate এখন বেশ জনপ্রিয়। অনলাইন ব্র্যান্ড Vegan Daily তো এমনকি ভেগান ‘সিফুড’–ও বিক্রি করছে—যার মাধ্যমে ঐতিহ্যবাহী খাবারও ক্রুয়েলটি ফ্রি রান্না করা সম্ভব। পূর্ব ভারতের প্রথম ভেগান খাদ্য বিতরণকারী প্রতিষ্ঠান(food distributor), Vegan World-ও কলকাতায় অবস্থিত।

৩. ভেগান ফ্যাশনেও এগিয়ে শহর
কলকাতার ভেগান আন্দোলন প্রতিফলিত হচ্ছে স্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর মধ্যেও। পেটার তথ্য অনুযায়ী, Eori-র মতো ব্র্যান্ড উচ্চমানের, টেকসই, উদ্ভিদ-ভিত্তিক লেদার তৈরি করছে।
পাশাপাশি The House of Ganges-কে-ও স্বীকৃতি দিয়েছে পেটা। এই ব্র্যান্ড বিলাসবহুল চেহারার স্টাইলিশ ভেগান ব্যাগ, ওয়ালেট, টোট ব্যাগ ও স্লিংস তৈরি করে—যার কোনওটিতেই প্রাণীর চামড়া ব্যবহার করা হয় না।

৪. দুর্গাপুজোতেও ভেগান বার্তা ছড়িয়েছে কলকাতা
এ বছরের পুজোর সময়েই পেটা ইন্ডিয়ার উদ্যোগে কলকাতায় একটি বিশেষ দুর্গাপুজো থিম আয়োজিত হয়—যেখানে পশুদের প্রতি সহমর্মিতার বার্তা ছড়ানো হয়, পরিবেশন করা হয় ভেগান খাবার এবং ঘোড়ায় টানা ঐতিহ্যবাহী ফিটন গাড়িতে ঘোড়ার পরিবর্তে মোটরযান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়।

৫. শহরে Kolkata Vegans নামে একটি সক্রিয় ফেসবুক গ্রুপও রয়েছে।
পেটার ড. কিরণ অহুজার ভাষায়, কলকাতার খাদ্য, ফ্যাশন এবং উৎসবের পরিবেশ—সব মিলিয়ে ভেগানদের জন্য শহরটিকে করে তুলেছে অনন্য।
তিনি বলেন, “স্বাদে ভরপুর বাঙালির ট্র্যাডিশনাল নিরামিষ রান্না, উদ্ভিদ-ভিত্তিক খাবারের প্রতি ঝোঁক, টেকসই ভেগান ফ্যাশন এবং উৎসবের পশু-বন্ধু আয়োজন—সব মিলিয়ে কলকাতা ভেগান ও ভেগান–কৌতূহলীদের জন্য অপ্রত্যাশিতভাবেই আনন্দদায়ক একটি গন্তব্য হয়ে উঠেছে।”