Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

অসমের মুকুট সিং কুঁয়োর নেতৃত্বে ৪৫তম অ্যান্টার্কটিকা অভিযানে পদার্পণ ভারতের

অসমের ছোট এক শহর ডিব্রুগড় -এর মুকুট সিং কুঁয়োর আবার যাত্রা করলেন অ্যান্টার্কটিকায়। এই নিয়ে চতুর্থ বার।
ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (Geological Survey of India – GSI)-এর বরিষ্ঠ ভূতাত্ত্বিক, আবারও এক নতুন বৈজ্ঞানিক অভিযানে যাত্রা করেছেন অ্যান্টার্কটিকার পথে। তিনি ভারতের ৪৫তম অ্যান্টার্কটিকা বৈজ্ঞানিক অভিযান (Indian Scientific Expedition to Antarctica – ISEA)-এর সদস্য, যা গোয়ায় অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ (National Centre for Polar and Ocean Research – NCPOR)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।


২০১৩ সালে GSI-তে যোগদানের পর থেকে মুকুট সিং কুঁয়োর ভারতের মেরু গবেষণার বিভিন্ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ধারাবাহিকভাবে ISEA-৪২, ৪৩ ও ৪৪ অভিযানে অংশগ্রহণ করেছেন। বর্তমানে চলমান এই অভিযান তাঁর চতুর্থ অ্যান্টার্কটিকা মিশন।
অ্যান্টার্কটিকা অভিযানের আগে কুঁয়োর বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন, যেখানে তিনি কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে লোহা, সোনা ও হীরার খনি অনুসন্ধানমূলক প্রকল্পের নেতৃত্ব দেন। পাশাপাশি, তিনি ভারতের “ন্যাশনাল জিওকেমিক্যাল ম্যাপিং প্রোগ্রাম”-এও (National Geochemical Mapping Programme) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার মাধ্যমে দেশের ভূতাত্ত্বিক ও রাসায়নিক বৈশিষ্ট্য নিরূপণে বিশেষ অবদান রাখেন।
আগের অভিযানে কুঁয়োর নিযুক্ত ছিলেন লার্সেমন হিলস অঞ্চলে — যেখানে অবস্থিত ভারতের “ভারতী স্টেশন”। সেখানে তিনি জলবায়ু পরিবর্তন ও ভারত–অ্যান্টার্কটিকা ভূতাত্ত্বিক সম্পর্ক নিয়ে বিস্তৃত গবেষণা পরিচালনা করেন। তাঁর দলই ছিল প্রথম ভারতীয় দল যারা পৌঁছায় “বিভার লেক” এলাকায় এবং সেখান থেকে সংগৃহীত কয়লার নমুনা ভারতের উপমহাদেশ ও অ্যান্টার্কটিকার প্রাচীন ভূতাত্ত্বিক সংযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।


নভেম্বর ২০২৫-এর এই অভিযানে মুকুট সিং কুঁয়োর গিয়েছেন “শির্মাখার ওয়েসিস”-এ, যেখানে অবস্থিত ভারতের “মৈত্রী স্টেশন”। সেখানে তিনি মেরু অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও ভূতাত্ত্বিক বিবর্তন নিয়ে উন্নত গবেষণা পরিচালনা করছেন।
আন্তর্জাতিক পরিসরে অসম তথা ভারতের মুখ উজ্জ্বল করা বিজ্ঞানী মুকুট সিং কুঁয়োর
অসমের কটন কলেজ এবং মধ্যপ্রদেশের ড. হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় (সাগর বিশ্ববিদ্যালয়)-এর প্রাক্তন ছাত্র। কুঁয়োর তাঁর পেশাগত জীবন শুরু করেন লিবেরিয়ায় Western Cluster Limited (Vedanta)-এ। সেখানে তিনি প্রায় দেড় বছর “গ্রিনফিল্ড আয়রন অর এক্সপ্লোরেশন”-এ কাজ করার পর যোগ দেন GSI-তে।
মুকুট সিং এর এই অনন্য কৃতিত্ব কেবল ভারতের বৈজ্ঞানিক উপস্থিতিকেই দৃঢ় করেনি, সাথে সাথে ডিব্রুগড়ের মত এক প্রন্তিক জনপদ সহ সমগ্র অসমের বিজ্ঞানী সমাজকে গৌরব ও প্রেরণায় ভরিয়ে তুলেছে। তাঁর সাফল্য প্রমাণ করে, অসমের মত দূরবর্তী মাটি থেকে উঠে আসা প্রতিভারাও অনায়াসে বিশ্বমঞ্চে দীপ্তি ছড়াতে পারে।