গৌরব আশানি এবং শরদ আশানি, মুম্বই-এ শুরু করেছেন একটি স্টার্টআপ, নাম ‘গোল্ড লাইফ’।
এই স্টার্টআপটির লক্ষ্য মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যার সমস্যা মোকাবিলা করা, যা কেবল ভারতেই নয় বরং বিশ্বজুড়ে ক্রমবর্দ্ধমান উদ্বেগের বিষয়। জাতীয় তদন্ত ব্যুরোর মতে, কেবলমাত্র ২০২০ সালেই ভারতে প্রায় ১.৫৩ লক্ষ আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার অর্থ প্রতিদিন প্রায় ১৪৫ জনের আত্মহত্যার শিকার হওয়া।
২০০৪ সালে যখন শরদ আশানি মডেল নাফিসা জোসেফের মর্মান্তিক আত্মহত্যার কথা পড়েন, তখন তাঁর মনে একটাই প্রশ্ন জাগে: “যদি ফ্যানটি ভেঙে যেত তাহলে কী হত?”
এই প্রশ্নটির ওপর ভিত্তি করে ২০০৪ সাল থেকে নিরলস গবেষণা এবং উদ্ভাবনের দিকে পরিচালিত হন তিনি। যার ফলে একটি সহজ কিন্তু জীবন রক্ষাকারী উদ্ভাবন তৈরি হয়: আত্মহত্যা-বিরোধী সিলিং ফ্যান রড।
হাসপাতাল, হোস্টেল, কারাগার, সরকারি আবাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে ৫০,০০০-এরও বেশি সিলিং ফ্যানে ৪০০ টাকার এই ডিভাইসটি ইনস্টল করা হয়েছে।
“আমরা আইআইএম আহমেদাবাদ, এইমস যোধপুর, আম্বালা জেল, কোটা হোস্টেলের সাথে কাজ করেছি সিলিং ফ্যানের ভয় এবং সমস্যা দূর করার জন্য,” তিনি বলেন।
এটি কীভাবে কাজ করে?
রডটি যখন অস্বাভাবিক চাপ অনুভব করে(যেমন কেউ ঝুলছে), তখন এটি থেকে একটি স্প্রিং নেমে এসে ফ্যান থেকে আলাদা হয়ে ব্যক্তিকে আলতো করে নামিয়ে দেয়, এবং সম্ভাব্য মারাত্মক পরিণতি রোধ করে।
এমন একটি দেশে যেখানে ৫৭% আত্মহত্যা(এনসিআরবি ২০২০ অনুসারে) ফাঁস লাগিয়ে করা হয়, সেখানে এটি কেবল একটি পণ্য নয়, এটি একটি জনস্বাস্থ্য রক্ষাকারী পদক্ষেপ।
হস্টেল বা জেল সেল থেকে ফ্যান সরিয়ে নিয়ে আত্মহ্তাযর সমস্যার সমাধান করা যাবে না কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই ডিভাইস একটি সুপরিকল্পিত পদক্ষেপ হতেই পারে।


