Monday, June 29, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

ছোট্ট প্রাণেদের অসমসাহসী লড়াই এ হারছে কর্কট-রোগ, বাড়ছে পাশে থাকার আশ্বাস

বিশ্বজুড়ে জুন মাসের প্রথম রবিবার, মানুষ একত্রিত হয় ক্যান্সার জয়ীদের স্বীকৃতি জানাতে, এই রোগের কারণে তাদের প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সে সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং—সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে—জীবনকে উদযাপন করতে।

সেই উপলক্ষেই গত ২০শে জুন রোটারি সদনের মঞ্চে আয়োজিত হয়েছিল ‘মিট দ্য স্টারস’ অনুষ্ঠান। ক্যানসার-জয়ী শিশু যোদ্ধাদের সাহসিকতাকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে, অত্যন্ত হৃদয়স্পর্শী এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘লাইফ বিয়ন্ড ক্যানসার’ নামক সেচ্ছ্বাসেবী সংস্হা। এই অনুষ্ঠানে শিশুদের উপস্থিতি তাদের অবিশ্বাস্য ও অদম্য মনোবলকেই জোরালোভাবে তুলে ধরেছে বারবার।
কারো মাথার চুল উঠে গেছে কেমোথেরাপির জোরালো ওষুধে, কারো বা হাতে তখনও লেগে আছে ইঞ্জেকশন এর চ্যানেল। কিন্তু খামতি নেই উৎসাহের। এগারোটি বাচ্চার সংলাপ সমৃদ্ধ নাট্যাংশ হোক বা ছোট্ট আয়ুষের ‘হৃত্বিক’ অনুসারী নাচ। প্রাণের উচ্ছ্বাস ছিল সর্বত্র বিরাজমান।

লাইফ বিয়ন্ড ক্যানসার বা এলবিসি গত পাঁচ বছর ধরে এই কর্মযজ্ঞ-র সাথে যুক্ত। সকল চিকিৎসক, সেচ্ছ্বাসেবী ও দাতাদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এখনও পর্যন্ত এই সংস্হা ১,০০০-এরও বেশি শিশু ও তাদের পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এই শহরে নয়টি এবং শিলচর ও মুম্বই তে একটি করে হাসপাতালের সহযোগিতায় এই কর্মকান্ড পরিচালনা করেন তারা। সম্প্রতি মুম্বই এ দ্বিতীয় একটি হাসপাতালের সাথে মউ স্বাক্ষরিত হয়েছে।
হাসপাতালে থাকা হেল্প ডেস্ক-এর মাধ্যমে রোগীর চিকিৎসা, ওষুধপত্র, খাদ্য-পথ্য এমনকি দরকারে পথ খরচা এবং থাকার ব্যবস্থাও করেন তারা।
অনুষ্ঠানের মঞ্চ থেকেই সংস্থার চেয়ারম্যান, পার্থ সরকার, রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন রোগী ও তার পরিজনদের বিনামূল্যে সরকারী পরিবহন ব্যবস্থায় যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত সোনারপুর উত্তর-এর বিধায়ক দেবাশিস ধর, এই আর্জি সরকারের কাছে পৌঁছানোর দায়িত্ব নেন।
এই প্রেক্ষিতে প্রদর্শিত হয় সংস্থার কর্মসুচী আর অ্যাচিভমেন্ট সংক্রান্ত একটি তথ্যচিত্র। পাশাপাশি আরও বেশী কাজ করার লক্ষ্যে সাহায্যের কথাও আলোচিত হয়।
সেই তথ্যচিত্র টির পরিপ্রেক্ষিতে লন্ডনে বসবাসকারী চক্ষু কর্কট-রোগ বিশেষজ্ঞ এবং ইংল্যান্ডের ন্যাশনাল হেল্থ সার্ভিসের সিনিয়র কনসালট্যান্ট আনন্দ গুপ্ত, লন্ডন দূর্গোৎসব কমিটির পক্ষ থেকে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন কারী অঞ্জলি রায়, কর্কট রোগে একটি পা হারিয়েও যে অদম্য প্রাণশক্তির পরিচয় দিয়েছেন তা আপ্লুত করে অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সংস্থার অন্যতম প্রতিনিধি ঋতুপর্ণা, সিঙ্গাপুর এ সংস্থার একটি শাখা খোলার কথা জানান।
পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত তাদের ফার্স্ট সেক্রেটারি তারেক চয়ন, এই শিশুদের নিয়ে বাংলাদেশেও অনুষ্ঠানের ভাবনা চিন্তার কথা জানান।

হাসি-আনন্দে ভরা একটি সভাকক্ষ। অগণিত সাহসিকতার গল্প। জীবন উদযাপনের এক অবিস্মরণীয় আয়োজন। ‘Meet the stars 2026’ ক্যান্সার জয়ী, রোগী, সেবা প্রদানকারী এবং স্বাস্থ্যসেবায় জড়িত পেশাজীবীদের এক অনন্য মিলনমেলায় একত্রিত করেছিল—যেখানে ছিল আশা, হাসি আর হৃদয়ের গভীর সংযোগ।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় থেকে শুরু করে অনুপ্রেরণাদায়ক আলোচনা—প্রতিটি মুহূর্তই এক শক্তিশালী সত্যকে আরও জোরালোভাবে তুলে ধরল: আরোগ্য লাভের বিষয়টি কেবল চিকিৎসার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। ২০ জুন-এর অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং ছিল ক্যান্সারের গণ্ডি পেরিয়ে জীবন উদযাপনের এক উৎসব এবং এই বার্তারই পুনরাবৃত্তি যে, এই যাত্রাপথে কেউ একা নয়। যারা এই সুন্দর দিনটিকে সফল করে তুলেছেন, তাদের সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।