পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে সাহসিকতার পরিচয় রাখল কর্নাটক মিল্ক ফেডারেশনের নন্দিনী ব্র্যান্ড। ভারতে সর্বপ্রথম ভুট্টার মাড় থেকে তৈরি বায়োডিগ্রেডেবল প্যাকেটের ব্যবহার শুরু করল তারা।
এই পরিবেশ বান্ধব প্যাকেটগুলি প্লাস্টিকের প্যাকেটের মতই দেখতে হলেও, প্লাস্টিকের মত পাঁচশ বছর নয়, মাত্র ছ’মাসের মধ্যেই মাটিতে মিশে যেতে সক্ষম হবে এই নতুন প্যাকেজিং।
বিশ্ব পরিবেশ দিবসে কনকপুরার নিউ মেগা ডেয়ারি থেকে এর যাত্রা ঘোষিত হল। পাইলট শুরু হল হুনাসানাহাল্লি গ্রামে। প্রাথমিক রিপোর্টে কোনোরকম লিকেজ বা গুণগত মানের সমস্যা গোচরে আসেনি।
এক নজরে দেখে নেওয়া যাক এই প্রজেক্ট-এর গুরুত্ব :-

বেঙ্গালুরু শহরে দিনপ্রতি ২৫ লাখ প্লাস্টিকের দুধের প্যাকেট ব্যবহৃত হয় যা বর্জ্য হিসেবে পরিবেশে জড়ো হয়। এই নতুন প্যাকেট সেই বর্জ্যের সময়সীমা উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনবে।
বেঙ্গালুরুর আর্বান,রুরাল এবং রামনগর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার সোসাইটিস ইউনিয়ন লিমিটেড(বামুল) এই প্রজেক্টটি শীঘ্রই সমস্ত দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রে চালু করার লক্ষ্যে এগোচ্ছে।
প্রযুক্তির উদ্ভাবনের জন্য পরিবেশের হানি করা যে সবসময় জরুরি নয়, সেই পথের দিশা দেখালো বেঙ্গালুরুর নন্দিনী মিল্ক।


