Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

জনপরিষেবার অনন্য নজির সচখণ্ড এক্সপ্রেস

ভারতীয় রেল, সারাদেশে দৈর্ঘ্যে প্রস্থে ৬৭০০০ কিলোমিটার বিস্তৃত এলাকায় ১৩০০০ প্যাসেঞ্জার ট্রেন চালায় প্রতিদিন। লাখো লাখো যাত্রীপরিবহনের পাশাপাশি যথার্থ মূল্যের বিনিময়ে যাত্রীদের জন্য গরম গরম খাবার পরিবেশনের পরিষেবাও দেয় ভারতীয় রেল।

এরমধ্যেও ব্যতিক্রমী একটি ট্রেন, সচখণ্ড এক্সপ্রেস(১২৭১৫/১২৭১৬)।
এই বিশেষ ট্রেনটি মহারাষ্ট্রের নানদের এবং পঞ্জাবের অমৃতসরের মধ্যে চলাচল করে প্রায় ২০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

গত ২৯ বছর ধরে, এই ট্রেনটি তার যাত্রীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে আসছে। দুই শিখ তীর্থস্থান, নানদেরের হুজুর সাহিব গুরদ্বারা থেকে অমৃতসরের হারমন্দির সাহিব গুরদ্বারা পর্যন্ত ৩৩ ঘন্টা দীর্ঘ যাত্রাপথে ট্রেনটি ৩৯টি স্টেশনে থামে। যেখানে মূলত নয়াদিল্লি, ভোপাল, পারভানি, জালনা, ঔরঙ্গাবাদ, মারাঠওয়াড়ার মতো ১৬টি প্রধান স্টেশনে লঙ্গরের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়।

খাবারের মধ্যে সাধারণত কড়হি-চাওয়াল, ছোলে, ডাল, খিচুড়ি এবং আলু-বাঁধাকপি অথবা অন্যান্য মরশুমি সবজি থাকে। এসব খাবার নিকটবর্তী গুরুদ্বারাগুলিতে প্রতিদিন টাটকা বানানো হয় এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা পাঠানো হয় স্টেশনগুলিতে। রেলওয়ের রান্নাঘরে রান্না করা হয় না। সমস্ত খাবার তৈরি হয় গুরুদ্বারাগুলিতে প্রদত্ত অনুদানের পয়সায়।

এসি কোচ সহ সকল শ্রেণির যাত্রীদের জন্য সমান ভাবে এই খাবার বিতরণ করা হলেও খাওয়ার জন্য যাত্রীদের নিজস্ব থালাবাসন ব্যবহার করতে উৎসাহিত করা হয় যা জনস্বাস্থ্য ও পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে এবং স্বেচ্ছাসেবী পরিষেবাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে।