ভোরাই ডেস্ক: পশ্চিমী দুনিয়ায় পোষ্য হিসেবে চাহিদা রয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত লাব্রাডরের। ভারতেও এই প্রজাতির কুকুর পছন্দ করেন অনেকেই। এমনকী পুলিশ কুকুর হিসেবেও ল্যাব্রাডরের খ্যাতি রয়েছে। সম্প্তি পূর্ব বর্ধমানের নাদনঘাট ব্রিজের কাছে নাদনঘাট থানার পুলিশের টহলদারি ভ্যানে গভীর রাতে দৌড়ে এসে উঠে পড়ে একটি ল্যাব্রাডর। দেখে বোঝা যায় জখম সারমেয়টির দ্রুত চিকিৎসা প্রয়োজন।
নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জখম ল্যাবরাডরটিকে নিয়ে আসেন থানায়। তার পরেই পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুরু হয় ল্যাব্রডরটির চিকিৎসা।
পুলিশের অভিজ্ঞ মহল মনে করছে, আনুমানিক বছর দশেকের ব্রিডার ওই কুকুরটিকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়েছে। তার পর কাজ ফুরিয়ে গেলে তাকে ছেড়ে দিয়ে গিয়েছে মালিক। কুকুরটির গায়ে প্রচুর ক্ষতচিহ্ন ছিল। হয়তো স্ট্রিট ডগ আক্রমণ করেছিল ওকে।
স্যালাইন, অ্যান্টিবায়োটিক, নিয়মিত ড্রেসিং—পুলিসের উদ্যোগে সুস্থ হয়ে উঠেছে সারমেয়টি। (সূত্র: এই সময়)


