ভোরাই ডেস্ক: লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, রেনেসাঁ যুগের কিংবদন্তী এই শিল্পীদের মাটিতেই এবার প্রদর্শিত হতে চলেছে বাংলার এক শিল্পীর আর্টওয়ার্ক। আগামী মাস থেকে ইতালির ‘ম্যুরাভেরা মিউজিয়ামে’ ‘সাইট্রাস ইন্টারন্যাশনাল কনটেম্পোরারি আর্ট একজিবিশনে’ প্রদর্শিত হবে হাওড়ার শিল্পী প্রণব নন্দীর আঁকা তিনখানি ছবি। তাঁর গুণগ্রাহীদের বক্তব্য, ইতালির এই একজিবিশনে প্রথম বাঙালি হিসেবে প্রণবের অংশগ্রহণ নিঃসন্দেহে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করতে চলেছে।
দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোলে থাকেন প্রণব নন্দী। তিন বছর বয়সে তাঁর ছবি আঁকায় হাতেখড়ি। অ্যাক্রেলিক, ওয়াটার কিংবা অয়েল পেইন্ট, সব মাধ্যমেই পারদর্শী তিনি। মূলত স্যুররিয়ালিজম (পরাবাস্তববাদ) স্টাইল তাঁর পছন্দ। তাঁর শিল্পকর্ম ইতিপূর্বে স্থান পেয়েছে কলকাতার ফোর্ট উইলিয়াম ও আরবিআইয়ে। এছাড়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতেও আছে। প্রণব বাংলাদেশ থেকে পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রশিল্পীর অ্যাওয়ার্ড। নিজের আর্ট ওয়ার্ক পৃথিবীর সামনে তুলে ধরার জন্য খোঁজখবরের সময় ইতালির ম্যুরাভেরা মিউজিয়ামের কথা জানতে পারেন। একজিবিশনের বিষয়ে খোঁজখবর করেন। মার্চ মাসে মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ। তারপর কর্তৃপক্ষ কিছু আর্টওয়ার্ক পাঠাতে বলে। এরপর কথাবার্তা চূড়ান্ত হয়। এবং প্রণবের পাঁচটি কাজের মধ্যে তিনটি বেছে নেয় একজিবিশনের জন্য। ইতিমধ্যেই ইতালির এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে প্রণবের আঁকা তিনটি ছবি।
জানা গিয়েছে, মে থেকে অক্টোবর, এই টানা পাঁচ মাস ম্যুরাভেরা মিউজিয়ামে হবে প্রদর্শনী। প্রণবের ‘দ্য অটোবায়োগ্রাফি অফ আ ফার্মার’, ‘দ্য টাইম মেশিন’ এবং ‘দ্য পিসফুল লাইফ’ থাকবে সেখানে। ক্যানভাসে অ্যাক্রেলিকে আঁকা এই তিনটি ছবি টাঙানো থাকবে পৃথিবীর অন্যান্য দেশের নামকরা চিত্রশিল্পীদের আঁকার সঙ্গে। এ বছরের শেষে ইংল্যান্ডে প্রথম তিন স্থানাধিকারীর পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রত্যেককে সম্মানিত করা হবে।
ছবি আঁকার কোনও প্রথাগত ডিগ্রি লাভ করেননি প্রণব। নিজের চেষ্টাতে এসেছেন এত দূর। ইতালির প্রদর্শনী তাঁর সাফল্যের পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন অনেকে।


