শুধু গাছ নয়, মানুষের খাবারও যে সরাসরি সূর্যালোকে তৈরি হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করল ভারত।
বৃহৎ পরিবেশবান্ধব উদ্যোগের দিক থেকেও আরও একবার নজির গড়ল ভারতীয় প্রযুক্তি। রাজস্থানের মনোরম পাহাড়ি শহর মাউন্ট আবু-তে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সৌর রান্নাঘর।
যেখানে প্রতিদিন প্রায় ৫০,০০০ মানুষের খাবার শুধুমাত্র সূর্যের আলো আর তাপ ব্যবহার করে রান্না করা হয়—একটিও গ্যাস সিলিন্ডার বা বিদ্যুৎ ব্যবহার না করে।

এই অনন্য প্রকল্পটি বাস্তবায়ন করেছে ব্রহ্মকুমারী আশ্রম, যাঁরা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ও আশ্রমবাসীর জন্য নিরামিষ আহারের ব্যবস্থা করেন। সৌরশক্তির এই রান্নাঘরটি শুধু শক্তি সাশ্রয়ই করে না, বরং পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে কমায়।
কীভাবে কাজ করে এই সৌর রান্নাঘর?
এই বিশাল রান্নাঘরে ব্যবহৃত হয়েছে ৮৪টি বিশাল আকারের প্যারাবোলিক সোলার রিফ্লেক্টর যেগুলি সূর্যের আলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে বিশাল হাঁড়ি-কড়াই গরম করে। এই কেন্দ্রীভূত তাপের সাহায্যে একসঙ্গে হাজার হাজার মানুষের জন্য ভাত, ডাল, তরকারি ইত্যাদি রান্না করা সম্ভব হয়।
দিনের বেলায় সূর্যের আলো না থাকলেও চিন্তা নেই—এই ব্যবস্থায় তাপ সঞ্চয় করার বিশেষ প্রযুক্তি রয়েছে, যাতে রাতে বা মেঘলা দিনেও রান্না করা যায়।

প্রকল্পের উদ্দেশ্য ও গুরুত্ব:
সম্পূর্ণভাবে রিনিউয়েবল জ্বালানির ব্যবহার হওয়ায়, এই প্রকল্পের কার্বন ফুটপ্রিন্ট- শূন্য।
গ্যাস, কয়লা বা বিদ্যুৎ খরচ না হওয়ায় অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। এবং দূষণরোধী পরিবেশবান্ধব প্রযুক্তির এক উজ্জ্বল উদাহরণ।
বৃহৎ পরিসরে সুস্থায়ী উন্নয়নের বাস্তব প্রয়োগ হল এই প্রকল্পের প্রাণ।
বিশ্বের বিভিন্ন দেশ আজ রিনিউয়েবল জ্বালানির দিকে ঝুঁকছে। পরীক্ষা চলছে অনেকরকম জিনিস নিয়ে।
এমন সময় ভারতের এই সৌর রান্নাঘর বিশ্বের কাছে আরও একবার প্রমাণ করল যে সূর্যই হতে পারে ভবিষ্যতের প্রধান তাপশক্তির উৎস।

এই প্রকল্প শুধু প্রযুক্তিগত উন্নয়নের নয়, বরং এক পরিবেশবান্ধব, পরিষ্কার ও সচেতন ভবিষ্যতের প্রতীক।
সূর্যের আলোয় রান্না হচ্ছে—এ যেন প্রকৃতি আর মানুষের এক সুন্দর সমন্বয়।


