গৌহাটির খ্যাতনামা ভিজ্যুয়াল আর্টিস্ট শান্তনু হাজরিকা এবার অসমের সংস্কৃতিকে তুলে ধরলেন বিশ্বমঞ্চে।
বিশ্বের শীর্ষ গেমিং ব্র্যান্ড কনামি’র সঙ্গে সহযোগিতায় ই-ফুটবলের(আগস্ট–অক্টোবর ২০২৫) গ্লোবাল ক্যাম্পেইনের জন্য তিনি বিশেষ এক জার্সি ডিজাইন করেছেন, যেটি উন্মোচিত হয়েছে স্বাধীনতা দিবসে। এই জার্সি প্রচার করছেন ফুটবল তারকা নেইমার জুনিয়র।

অসমের সংস্কৃতির পরিচায়ক, হাতে বোনা তাঁতের নকশার সাদা-লাল গামুসা থেকে অনুপ্রাণিত এই ডিজাইনে যুক্ত হয়েছে শান্তনুর হেভি মেটাল-এর প্রতি ভালবাসার নান্দনিক রূপ। ঢেউয়ের মোটিফে ফুটে উঠেছে ব্রহ্মপুত্র—যা একদিকে ঐতিহ্যের প্রতীক, অন্যদিকে অহমিয়া পরিচয়ের শক্তিশালী প্রকাশ।
শান্তনু বলেন, “এই জার্সি আমার শৈশবের স্মৃতি বহন করে। আসামের মাঠে ফুটবল খেলার দিনগুলো, পাশে গামুসার উপস্থিতি ছিল অঙ্গাঙ্গীভাবে জড়িত, গামুসার অভ্যর্থনা ছাড়া খেলা শুরু বা পুরস্কার বিতরণ কিছুই সম্পূর্ণ হত না। সেই সব দিনের খেলার রোমাঞ্চ আর ঐতিহ্যবাহী তাঁতের নকশা—সব মিলিয়েই এটি তৈরি। ব্রহ্মপুত্রের ঢেউ আমার সংস্কৃতি ও শিকড়ের প্রতীক।”
নেইমারের পাশাপাশি এই ক্যাম্পেইনে রয়েছেন কেএল রাহুল, সুনীল ছেত্রী ও নিতীশ কুমার রেড্ডি। ভক্তদের জন্য বিশেষ এক ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর, মুম্বইয়ে।


