Monday, June 29, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

বাড়ির ভিতরের AQI মাত্র ১০–১৫: দিল্লির বুকে অবিশ্বাস্য কাজ করে দেখালেন দম্পতি

মকর সংক্রান্তি শেষ, ফসল কাটা মাঠে আগুন লাগানোর রীতিতে, দিল্লি ফের শ্বাসরুদ্ধকর বায়ুদূষণের কবলে। রাজধানীর বাতাসে যখন বিপজ্জনক মাত্রায় দূষণ বাড়ে, তখন জেনে বিস্মিত হতে হয়—দিল্লির একেবারে শহরের মাঝখানে থাকা এক দম্পতির বাড়িতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মাত্র ১০–১৫! এয়ার পিউরিফায়ার ছাড়াই ১৫০০ AQI এর শহরে বাড়িকে দূষণ মুক্ত রাখার রহস্য কী?? আসুন জেনে নেওয়া যাক।
পরিবেশবান্ধব উপকরণে তৈরি সবুজ বাড়ি
পিটার ও নিনোর বাড়ি প্রচলিত নির্মাণসামগ্রী যেমন সিমেন্ট ও কৃত্রিম রঙকে সম্পূর্ণভাবে পরিহার করেছে। তার বদলে তাঁরা বেছে নিয়েছেন পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী উপকরণ। ইট গাঁথা হয়েছে চুন-সুরকির মর্টারে এবং দেওয়ালে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক, শ্বাস-প্রশ্বাসযোগ্য চুনের রং।
বাড়ির ছাদে পাথরের টালি ব্যবহার করা হয়েছে, যা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। দিল্লির তীব্র গ্রীষ্মে এই ছাদ ঘরকে স্বাভাবিকভাবেই ঠান্ডা রাখে। এই নির্মাণ পদ্ধতি প্রাকৃতিকশক্তি সাশ্রয়ী, স্বাস্থ্যকরভাবে বাসযোগ্য পরিবেশ তৈরি করে। এবং এটি ভারতীয় প্রাচীন স্থাপত্যচর্চার প্রতি আধুনিক সংস্করণ।

১৫,০০০ গাছ ঘরের ভিতর-বাইরের বাতাস বিশুদ্ধ রাখে
এই ব্যতিক্রমী বাড়ির সবচেয়ে প্রশংসনীয় দিক হলো—এখানে রয়েছে ১৫,০০০টিরও বেশি গাছের সংগ্রহ। ছাদের বাগান, ঝুলন্ত টব ও সবুজ দেওয়ালের মাধ্যমে এই গাছগুলো পুরো বাড়ির সঙ্গে একীভূত। এই গাছপালাই সক্রিয়ভাবে বাতাস শুদ্ধ করে ক্ষতিকর দূষক কণাকে সরিয়ে দেয় এবং ঘরের ভিতরের AQI ১৫-এর নিচে ধরে রাখে—যা দিল্লির ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশে সত্যিই বিরল ঘটনা। এই সবুজ আচ্ছাদন ছায়া দেয়, আর্দ্রতা বাড়ায় এবং শান্ত, প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। ফলে তাঁদের বাড়িটি হয়ে উঠেছে এক অনন্য শহুরে সবুজ আশ্রয়, যেখানে নির্বিঘ্নে নির্মল বাতাসে শ্বাস নেওয়া যায়।
সৌরশক্তিচালিত বাড়ি ও জল সংরক্ষণের ব্যবস্থা
এই বাড়ি সম্পূর্ণভাবে অফ-গ্রিড। অর্থাৎ শহরের দূষিত বিদ্যুৎ ব্যবস্থার উপর কোনো নির্ভরতা নেই—পুরো বাড়ি চলে সৌরশক্তিতে। জল ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে পরিবেশবান্ধব ব্যবস্থা। ১৫,০০০ লিটার ধারণক্ষমতার রেনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম বাগানের সেচ ও গৃহস্থালির কাজে জল জোগান দেয়। এছাড়াও, বাড়ির সমস্ত ব্যবহৃত জল পুনর্ব্যবহার করা হয়, ফলে অপচয় ন্যূনতম। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারের এই দৃষ্টিভঙ্গি তাঁদের সবুজ জীবনদর্শনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশের উপর নেগেটিভ প্রভাব উল্লেখযোগ্যভাবে কম করার উপযোগী।

নিজেদের খাবার উৎপাদন ও খড় থেকে সার তৈরি
স্বাস্থ্যকর জীবনযাপন কেবল বাতাস ও জলের মধ্যেই সীমাবদ্ধ নয়। পিটার ও নিনো সারা বছর নিজেদের বাগান ও গ্রিনহাউসে জৈব সবজি চাষ করেন। তাঁরা কৃষিজ খড় ও জৈব কম্পোস্ট মিশিয়ে পুষ্টিগুণে সমৃদ্ধ সার তৈরি করেন। এই সার ব্যবহার করা হয় তাঁদের বাড়ির ভেতরে চাষ করা মাশরুমে। এর ফলে পরিবেশ দূষণের এক বড় সমস্যাকে তাঁরা পরিণত করেছেন উৎপাদনশীল সম্পদে।
কিন্তু এই পরিবেশবান্ধব জীবনযাপনের অনুপ্রেরণা কোথায় পেলেন এঁরা??
এই দম্পতির যাত্রা শুরু হয়েছিল নিনোর ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময়। সেই কঠিন অভিজ্ঞতাই তাঁদের প্রাকৃতিক নিরাময়ভিত্তিক জৈব জীবনধারার পথে নিয়ে যায়। রোগ নিরাময়ের পন্থা হিসেবে ডাক্তার যখন তাদের দিল্লির দূষণ থেকে দূরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তখন প্রথমে তাঁরা গোয়ায় চলে যান। পরে আয়ুর্বেদিক পরামর্শে অনুপ্রাণিত হয়ে গোয়া থেকে ফিরে এসে তাঁরা তাঁদের বাড়িটিকে একটি পরিবেশবান্ধব আশ্রয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন।

আজ তাঁদের বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, বরং সহনশীলতা ও পরিবেশগত দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দূষণে জর্জরিত এক শহরে তাঁদের এই সবুজ আশ্রয় স্বাস্থ্যকর নগরজীবন ও পরিবেশ রক্ষার আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে।