জলীয় বাষ্প থেকে শুদ্ধ পানীয় জলের উৎপাদন(অ্যাটমোস্ফিয়ারিক ওয়াটার জেনারেশন) জলের প্রয়োজন মেটানোর একটি প্রক্রিয়া। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বেশ কিছুদিন যাবৎ। এমনকী ভারতের বহু জায়গাতেই চলছে গবেষণার কাজ।
তৈরি হয়েছে বিভিন্ন মেশিনও, যা অনেক ক্ষেত্রেই সৌরবিদ্যুৎ-এ চলে।
তবে সম্প্রতি ম্যাসচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির(এম আই টি) ইঞ্জিনিয়াররা তৈরি করে ফেলেছেন এমন একটি ভার্টিকাল প্যানেল যা বাতাস থেকে পরিশুদ্ধ পানীয় জল টেনে বের করবে স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ায়, এমনকি ডেথ ভ্যালির মতো রুক্ষ পরিবেশেও।

এই প্যানেলে ব্যবহার করা হয়েছে ওরিগামি দ্বারা অনুপ্রাণিত হাইড্রোজেল যা সারা রাত ধরে বাতাসের জলীয় বাষ্প শোষণ করে সম্প্রসারিত হয় আর দিনের বেলা সূর্যের তাপে সংকুচিত হয়ে কাচের গায়ে জলের বিন্দু উৎপন্ন করে। ঠিক যেমনটি গরম চায়ের ওপর ঢাকা দিলে বা ঠান্ডা বোতল ফ্রিজের বাইরে রাখলে হয়, ঠিক তেমনটি। এরপর এই জল পাইপ বাহিত হয়ে জমা হয় নির্দিষ্ট স্হানে। কোনো জটিল যন্ত্র বা বিদ্যুতের সাহায্য ছাড়াই করা সম্ভব এই কাজ।
পরীক্ষার সময় মাত্র ২১ শতাংশ আর্দ্রতা থাকা অঞ্চলেও প্রতিদিন ১৬০ মিলিমিটার জল উৎপন্ন করতে সক্ষম হয়েছে এই প্যানেল। গবেষকদের মতে, যেহেতু এই প্রক্রিয়া প্রাকৃতিক তাপমাত্রার ওঠানামার ওপর পুরোপুরি নির্ভরশীল তাই মরুভূমি বা বিভিন্ন প্রত্যন্ত এলাকার জন্য খুবই কার্যকর একটি উপায়।
এই প্যানেলে ব্যবহৃত হাইড্রোজেলে থাকে গ্লাইসেরল যা দূষণ সৃষ্টিকারী বস্তুকণাদের নিষ্কাশন করে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে। এক্ষেত্রে অতিরিক্ত ফিল্টারেরও প্রয়োজন নেই।
যে সময়ে দাঁড়িয়ে মাটির তলার জলতল কমে যাওয়া নিয়ে আমরা খুবই চিন্তিত সেখানে এই উদ্ভাবন অত্যন্ত আশাপ্রদ।


