Monday, June 29, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

নজির: একদিনে ১০৯ রোগীর এনজিওগ্রাম কল্যাণীর গান্ধি হাসপাতালে

ভোরাই ডেস্ক: নজির স্থাপন করল হৃদরোগের হাসপাতাল গান্ধি মেমোরিয়াল। কর্তৃপক্ষের দাবি, প্রায় ৯ ঘণ্টায় ১০৯ রোগীর এনজিওগ্রাম সফলভাবে করা হয়েছে। তাঁদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৪ জন মহিলা। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরপর হয় অস্ত্রোপচার। হাসপাতাল জানিয়েছে, ডাঃ চন্দন মিশ্রের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের চিকিৎসক দল, দু’জন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ ও অন্যান্য কর্মীরা এই সাফল্যের অংশীদার।

গান্ধি মেমোরিয়াল রাজ্যের একমাত্র সরকারি হৃদরোগের হাসপাতাল। যেখানে শুধুমাত্র হার্টের চিকিৎসাই হয়। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে রোগীরা আসেন। কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরেই ভিড় বাড়ছিল এনজিওগ্রাম করাতে আসা রোগীদের। তারপর ডাঃ মিশ্রের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ একদিনে একাধিক এনজিওগ্রাম করার ‘স্পেশাল ড্রাইভ’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডাঃ মিশ্র বলেন, ‘হাসপাতালের সকলের সহযোগিতায় এত বড় উদ্যোগ নেওয়া গিয়েছে। একদিনে একটা হাসপাতালে ১০৯ রোগীর এনজিওগ্রাম গোটা বিশ্বের কাছে নজির। ১০৯ জনই সুস্থ আছেন।’ হাসপাতালের সুপার ডাঃ আশিস মৈত্র বলেন, ‘কল্যাণী এইমসে প্রত্যন্ত গ্রামের অনেক গরিব মানুষ ভালো চিকিৎসার জন্য এনজিওগ্রাম করাতে যান। কিন্তু সেখানে চিকিৎসা ব্যয়সাপেক্ষ হওয়ায় বহু রোগী আমাদের হাসপাতালে চলে আসেন। ফলে আগের তুলনায় চাপ বেড়েছে। আমরা স্বাস্থ্যসাথি কার্ডের মাধ্যমে বিনামূল্যে এনজিওগ্রাম করেছি। মানুষকে পরিষেবা দিতে পেরে খুশি।’ (সূত্র: বর্তমান)