কলকাতা মানেই ব্যস্ত রাস্তাঘাট, জাঁকজমকপূর্ণ উৎসব আর চিরচঞ্চল খাবারের দোকান। তবে বইপ্রেমীদের জন্য এই শহরে রয়েছে বেশ কিছু নিরিবিলি পাঠের জায়গা।
পার্কের কোণ থেকে ফুটপাথ—শহরজুড়ে ছড়িয়ে থাকা এই কমিউনিটি-চালিত পাঠস্থলগুলো বইপ্রেমীদের জন্য এক অনন্য ঠিকানা। যেখানে শহরের কোলাহল পৌঁছতে পারে না—আর এই সব জায়গার অনেকগুলিই সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে রইল এমন পাঁচটি লাইব্রেরির খোঁজ, যেখানে শহরের অলিগলির মধ্যেই পাওয়া যায় ফ্রি রিডিং স্পেস।
১. জগৎ মুখার্জি পার্ক লাইব্রেরি
জগৎ মুখার্জি পার্কের নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দোলুইয়ের উদ্যোগে পরিচালিত এই পাঠাগারটি সবুজে ঘেরা পরিবেশের মধ্যে অবস্থিত। ম্যাগাজিন থেকে শিশুদের ক্লাসিক—সব মিলিয়ে এখানে রয়েছে ১,০০০-এরও বেশি বইয়ের সংগ্রহ, যা একে বইপ্রেমীদের কাছে সত্যিই স্বর্গরাজ্য করে তুলেছে।
ঠিকানা: ১, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, শোভাবাজার
সময়: সকাল ৭টা থেকে রাত ৯টা
২. লিটল ফ্রি লাইব্রেরি
এই লাইব্রেরি সম্পূর্ণভাবে পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে চলে। লেক মলের কাছে অবস্থিত এই ‘লিটল ফ্রি লাইব্রেরি’ একটি ফ্রি বুক-শেয়ারিং স্পেস, যেখানে কোনও ফি বা সদস্যপদ ছাড়াই মানুষ বই আদান-প্রদান করতে পারেন।
ঠিকানা: ৬এ, মহারাজা নন্দকুমার রায় রোড (লেক মলের কাছে)
সময়: ২৪ ঘণ্টা খোলা
৩. উত্তরের আড্ডার ফ্রি লাইব্রেরি
উত্তর কলকাতা মানেই আড্ডা—আর সেই আড্ডায় বইয়ের প্রসঙ্গ উঠবে না, তা কি হয়? এই ভাবনা থেকেই শ্যামবাজারের কিছু বাসিন্দা শুরু করেন ‘উত্তরের আড্ডা’। এখানে রয়েছে চায়ের দোকানসহ একটি ফ্রি লাইব্রেরি, যা রঙিন গ্রাফিতি, বই এবং চিত্রকলার প্রদর্শনীতে সজ্জিত।
ঠিকানা: রাজা দিনেন্দ্র স্ট্রিট, শ্যামবাজার(দেশবন্ধু পার্কের বিপরীতে)
সময়: ২৪ ঘণ্টা খোলা
৪. দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি ওপেন লাইব্রেরি
১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বইয়ের দোকান ‘দাস গুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড’, কলেজ স্ট্রিটের ৫৪/৩ নম্বরে অবস্থিত, তাদের দ্বিতীয় তলাকে রূপান্তর করেছে একটি ফ্রি পাবলিক লাইব্রেরিতে। দর্শনার্থীরা এখানে বসে ঘণ্টার পর ঘণ্টা বই পড়তে পারেন, তবে বই ধার নেওয়া যাবে না। প্রবেশের জন্য একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হয়।
ঠিকানা: ৫৪/৩, কলেজ স্ট্রিট (প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে)
সময়: সকাল ১০টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৩০
৫. আইলিড স্ট্রিট লাইব্রেরি
আইলিড স্ট্রিট লাইব্রেরি একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যা শহরের বিভিন্ন প্রান্তে অনানুষ্ঠানিক, বিশ্বাসভিত্তিক স্ট্রিট লাইব্রেরির নেটওয়ার্কের মাধ্যমে ২৪/৭ বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দেয়।
ঠিকানা: কসবা, ভবানীপুর, বালিগঞ্জ, নিউ টাউন, তোপসিয়া সহ শহরের বিভিন্ন এলাকা
সময়: ২৪ ঘণ্টা খোলা


