Friday, August 14, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

মাত্র ১,৮০০ টাকায় ‘দেশি-এসি’ বানিয়ে তাক লাগাল ঝাঁসির কল্যাণী

বুন্দেলখণ্ডের তাপদাহে শীতলতার আশ্বাস জাগাচ্ছে ১৬ বছরের কল্যাণী শ্রীবাস্তব। ঝাঁসির এক সাধারণ ঘর। স্কুলের বই, বিজ্ঞান প্রজেক্টের ছড়ানো খাতা আর কোণে একটি ছোট থার্মোকলের বাক্স। এখানেই জন্ম নিয়েছে এমন একটি উদ্ভাবন—যা আজ একটি অঞ্চলের আশাকে নতুন করে জাগিয়ে তুলছে।

১৬ বছরের কল্যাণী শ্রীবাস্তব, লোকমান্য তিলক ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নিজের হাতেই মাত্র ১,৮০০ টাকায় তৈরি করেছেন একটি পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনার। প্রচণ্ড গরমে নাজেহাল বুন্দেলখণ্ডের মানুষের জন্য এই দেশি এসি যেন এক শীতল প্রতিশ্রুতি।

কল্যাণীর এই কাজে পাশে দাঁড়িয়েছে তার এক শক্তিশালী জগৎ—তার শিক্ষক মা-বাবা ও কলেজের শিক্ষকরা। তাঁদের নিরন্তর সমর্থনেই আজ সে ৫০টিরও বেশি পুরস্কার জয় করেছে।

তার তৈরি এসিটি থার্মোকলের আইস বক্স, ১২ ভোল্ট ডিসি ফ্যান এবং পাইপের সংযোগে তৈরি। এক ঘণ্টায় ঘরের তাপমাত্রা কমে ৫ ডিগ্রি। সোলার শক্তিতে চলে, দূষণ নেই, খরচ নেই—কিন্তু আছে মানুষের কাছে পৌঁছনোর সম্ভাবনা।

বুন্দেলখণ্ড অঞ্চলের ৪৫ ডিগ্রী পর্যন্ত পৌঁছে যাওয়া চরম তাপপ্রবাহে, নিজের দাদু ঠাকুমাকে কষ্ট পেতে দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছে জাগে তার মনে। সেই ইচ্ছে থেকেই এই উদ্ভাবনটি করেছে বলে জানিয়েছে সে।
৫০টিরও বেশি পুরস্কারজয়ী কল্যাণী গানও ভাল গাইতে পারে, ইন্ডিয়ান আইডল এর মত জনপ্রিয় অনুষ্ঠানেও অংশ নিয়েছে সে।

তাঁর এই দেশি এসি প্রকল্পটি উত্তর প্রদেশ সরকারের ‘নারী সম্মান’ উদ্যোগেও তাকে সম্মান এনে দিয়েছে।
প্রকল্পটি দেখে জাপানের বিজ্ঞানীরা কল্যাণীকে সেমিনারে আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে আইআইটি-দিল্লি এটিকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য বিবেচনা করেছে।

আর কল্যাণী বিশ্বাস করে—“গ্লোবাল ওয়ার্মিং মানুষকে প্রতিদিন প্রভাবিত করছে। তাই এই উদ্ভাবন শুধু বিজ্ঞান নয়, দায়িত্বও।” তাই কল্যাণী অবসর সময়ে এই কাজের প্রশিক্ষণ ও দেওয়া শুরু করেছে, যাতে দরিদ্র মানুষেরাও নিজেরাই এগুলি তৈরী করে ব্যবহার করতে পারে।

নতুন প্রজন্ম নতুন নতুন আশার আলো আনে, নতুন চেতনা, নতুন উদ্ভাবন, নতুন উদ্যোগ এসব তো অবশ্যই যুগপোযোগী বিষয়। তবে এত কম বয়সে অন্যের উপকারে কাজে লাগার চেতনা থেকে উদ্ভাবনের কাজ শুরু করা এক অনন্য চেতনার পরিচায়ক।

বুন্দেলখণ্ডের পাশাপাশি দেশের ভবিষ্যতের পথও কল্যাণীদের মত অনাগত যুবসমাজের হাত ধরে হয়তো সত্যিই কিছুটা “কুল” হতে চলেছে।