সেই যে একটা গান ছিল— “একটা আকাশ তাতে একটাই চাঁদ থাকে….” ইত্যাদি যাবতীয় সাহিত্যিক, রোমান্টিক এবং ভৌগলিক ধারণাদের নাড়িয়ে দিয়ে আগামী ষাটবছরের জন্য পৃথিবী পেল দু’টি চাঁদ।
পৃথিবীর কক্ষপথে যুক্ত হয়েছে নতুন এক ক্ষুদ্র সহচর—গ্রহাণু অর্জুনা ২০২৫ PN7। প্রায় ৬২ ফুট ব্যাসের এই জ্যোতিষ্ক বর্তমানে পৃথিবীর চারপাশে একটি জটিল লুপিং কক্ষপথে ঘুরছে।
এটি চাঁদের মতো স্থায়ী উপগ্রহ নয়; বরং এক “অস্থায়ী সহচর” বা কোয়াসি-মুন, যা কয়েক দশক ধরে পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে।

এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে—নিকট-পৃথিবী গ্রহাণুদের সূক্ষ্ম গতি, সূর্য-পৃথিবীর মহাকর্ষীয় ভারসাম্য এবং সৌরজগতের কক্ষপথীয় গতিবিদ্যা বোঝার ক্ষেত্রে। ২০২৫ PN7-কে “অর্জুনা জনসংখ্যা (Arjuna Population)”-এর সদস্য হিসেবে ধরা হচ্ছে, যাদের কক্ষপথ পৃথিবীর মতোই সূর্যের চারপাশে ঘোরে।
আকারে ক্ষুদ্র, মাত্র একটি বড় বাসের সমান এই গ্রহাণুর উজ্জ্বলতা মাত্র ২৬ ম্যাগনিটিউড, যা সাধারণ দূরবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। তবু এর গুরুত্ব অনেক, কারণ এটি কিছু সময়ের জন্য পৃথিবীর সঙ্গে একই কক্ষপথে চলছে—যেন এক ক্ষুদ্র “ছায়া-চাঁদ”।
চাঁদের মতো মহাকর্ষে আবদ্ধ নয় এটি। বরং সূর্য ও পৃথিবীর যৌথ আকর্ষণে ভারসাম্য রক্ষা করে কোয়াসি-স্যাটেলাইট হিসেবে ঘোরে, তারপর ধীরে ধীরে দূরে সরে যায়। মাঝে মাঝে পৃথিবী এমন ছোট বস্তু অস্থায়ীভাবে ধরে রাখে, যাদের বলা হয় “মিনি-মুন”।
প্রায় ৬০ বছর আগে প্রথম দেখা যাওয়া এই গ্রহাণুটি ২০২৫ সালের ২৯ আগস্ট পুনরায় শনাক্ত হয়েছে হাওয়াইয়ের Pan-STARRS মানমন্দিরে। পর্যবেক্ষণে দেখা গেছে, এটি এতদিন পৃথিবীর কাছাকাছি স্থিতিশীল কক্ষপথে ঘুরছিল এবং অন্তত ২০৮০ এর দশক পর্যন্ত কোয়াসি-স্যাটেলাইট হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কোয়াসি-মুনের কক্ষপথ সাধারণত পৃথিবীর মতোই এক বছরের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু সামান্য বিচ্যুত থাকে। ফলে কখনও পৃথিবীর কাছে আসে, কখনও দূরে যায়—এভাবে দীর্ঘকাল আমাদের সঙ্গী হয়ে থাকে।
২০২৫ PN7 এখন পৃথিবীর কোয়াসি-স্যাটেলাইট পরিবারের অংশ, যেখানে আগে থেকেই রয়েছে Kamo‘oalewa (2016 HO3), Cardea (2004 GU9), 2013 LX28, 2014 OL339 এবং 2023 FW13।
এই ক্ষুদ্র জ্যোতিষ্কগুলো পৃথিবী-চাঁদ এর স্থিতিশীল ব্যবস্থার পাশাপাশি সৌরজগতের গতিবিদ্যা বোঝাতে অমূল্য সহায়তা করে। অর্জুনা ২০২৫ PN7-এর আবিষ্কার শুধু কৌতূহলের বিষয় নয়—এটি আমাদের শেখায়, মহাশূন্যের ক্ষুদ্র কণাগুলোও সৌরজগতের বিবর্তনের গভীর রহস্য বহন করে।


