ভোরাই ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিকে হাতিয়ার করল কোচবিহারের দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়। পড়ুয়াদের উপস্থিতি নিয়ে এবার থেকে আর কোনও অনিশ্চয়তা থাকল না। কারণ বুধবার থেকেই এই স্কুলে চালু হয়েছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা। সঙ্গে রয়েছে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ ও ছুটির সময়ের তথ্য পৌঁছে যাচ্ছে সরাসরি অভিভাবকদের ফোনে।
প্রতিটি ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ডিজিটাল আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডে একটি কিউআর কোড রয়েছে। স্কুলে প্রবেশ ও বের হওয়ার সময় সেই কার্ড সোয়াইপ করতে হচ্ছে নির্দিষ্ট যন্ত্রে। সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাচ্ছে সংশ্লিষ্ট অভিভাবকের ফোনে। শুধু উপস্থিতি নয়, ওই অ্যাপের মাধ্যমেই জানা যাবে পরীক্ষার রুটিন, ফলাফল, ছুটির তালিকা, স্কুলের সমস্ত নোটিস সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।
ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে ভর্তি, ফি প্রদান সহ যাবতীয় অফিস সংক্রান্ত কাজও করা যাবে।
অভিভাবকদের অনুরোধ করা হয়েছে অ্যাপটি ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করে নিতে। তাঁদের আরও জানানো হয়েছে, যদি কোনও ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার একঘণ্টা পরেও মেসেজ না যায়, তাহলে যেন অভিভাবকরা স্কুলে ফোন করে বিষয়টি জানান।
স্কুল কর্তৃপক্ষের কথায়, ভবিষ্যতে অ্যাপটিকে আরও উন্নত করা হবে। যুক্ত করা হবে আরও কিছু আধুনিক ফিচার। যেমন লাইব্রেরি বুক ট্র্যাকিং, শিক্ষক-অভিভাবক চ্যাট ব্যবস্থা, নির্ধারিত হোমওয়ার্ক জানার অপশন ইত্যাদি। (সূত্র: বর্তমান)


