কথায় বলে- প্রয়োজনই উদ্ভাবনের জননী।
যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন পুঁথিগত বিদ্যার দৌড় না মেপে মানুষ যেভাবেই হোক সেই পরিস্থিতির মোকাবিলার পথ খোঁজে। তার ফল কখনও কখনও হয়ে ওঠে দৃষ্টান্তমূলক।
ঠিক তেমনই হয়েছে কেরালার জনৈক কৃষক শ্রীরামনের ক্ষেত্রে।
জঙ্গলের কাছাকাছি থাকা কৃষি জমিতে বন্যপ্রাণীর আক্রমণ এক সাধারণ ঘটনা, কিন্তু কৃষিজীবীদের কাছে এ এক মারাত্মক সমস্যা।
সেভাবেই কেরালার সর্বত্র বন্য প্রাণীর আক্রমণে অসহায় হয়ে পড়েছিলেন কৃষকরা, কিন্তু আজ তাঁদের কাছে মারায়ূর অঞ্চলের ইরুট্টালাক্কুডি নামের প্রত্যন্ত আদিবাসী বস্তি থেকে উঠে আসা কৃষক শ্রীরামন হয়ে উঠেছেন এক অসাধারণ উদ্ভাবক।
চতুর্থ শ্রেণিতেই বিদ্যালয়কে বিদায় জানানো শ্রীরামন, নিজের ফসল রক্ষার জন্য গড়ে তুলেছেন অভিনব কৌশল। যা পদার্থবিজ্ঞানের নিয়ম নির্ভর।

কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি শক্তির রূপান্তরের সূত্র প্রয়োগ করে তৈরি করেছেন দু-দুটি সহজ এবং স্বল্পব্যয়ী প্রতিরোধ ব্যবস্থা—
👉 জলচালিত অ্যালার্ম: তাদের গ্রামের ওপর দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝর্ণার প্রবাহিত জলকে কজে লাগিয়ে বানিয়েছেন একটি শব্দযন্ত্র।
ঝর্ণার জলের গতি প্রথমে একটি প্লেট উল্টে দেয়, এই প্লেটে লাগানো একটি লাঠি এর ফলে অপর প্রান্তের একটি ধাতব পাতের উপর আঘাত করে কয়েক মিনিট অন্তর অন্তর, আর তাতে শব্দ উৎপন্ন হয়। এই নিরবচ্ছিন্ন শব্দে প্রাণীরা ভাবে যেন মাঠে সারাক্ষণ মানুষ রয়েছে। তাই তারা সামনে আসে না।
👉 ঝুলন্ত টর্চ: এটি আরও সহজ এক উদ্ভাবন। এক্ষেত্রে হাল্কা একটি বোর্ডের সাথে টর্চ আটকে তিনি সারা মাঠে ঝুলিয়ে দিয়েছেন।
মাঠের উপরে ঝোলানো ব্যাটারিচালিত টর্চ বাতাসে দুলে আলো ছড়ায় চারদিকে, যা রাতের প্রাণীদের আতঙ্কিত করে তাড়িয়ে দেয়। খরচ বলতে মাঝেমাঝে টর্চের ব্যাটারি বদল করা।
ফলাফল? এখন আর তাকে দিনরাত ক্ষেত পাহারা দিতে হয় না। সবজি, গোলমরিচ আর কফি—সব ফসলই তিনি সফলভাবে রক্ষা করেছেন হাতির পালের আক্রমণের মত শক্তিশালী সমস্যার মোকাবিলা করে।
তার এই উদ্ভাবনী কৌশল একদিকে যেমন পরম্পরাগত ব্যবহারিক জ্ঞানকে তুলে ধরে, অন্যদিকে তেমনি প্রমাণ করে যে, মেধাবী হতে কোনো ডিগ্রির প্রয়োজন নেই।


