ভোরাই ডেস্ক: বোঝার সুবিধার জন্য ৯০ টাকা বলা হলেও, আসলে দাম ১ ইউরো। ইতালির মতো দুনিয়ার একটি প্রথম সারির দেশে এই দামেই মিলছে বাড়ি। গ্রামে, নয়নাভিরাম পরিবেশে। বাড়ি বললে ভুল বলা হবে, আসলে এগুলো একেকটি বাংলো। রীতিমতো সরকারি উদ্যোগেই এই বাংলো বিক্রি করা হচ্ছে৷
জানা গিয়েছে, বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যাওয়ায় ইতালির অনেক গ্রাম কার্যত জনমানবশূন্য হয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে৷ তাই ওই গ্রামগুলিতে ফের জনবসতি তৈরি করতে ১ ইউরোর প্রতীকী মূল্যের বিনিময়ে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুরসভাগুলি৷
গত কয়েক বছর ধরে ওয়ান ইউরো হাউজেস নামে একটি ওয়েবসাইটও চালু রয়েছে৷ ছবির মতো ইতালির গ্রামগুলিতে কেউ সস্তায় বাড়ি কিনতে আগ্রহী হলে এই ওয়েবসাইটেই খোঁজখবর করতে পারবেন৷
বাড়ির মালিকরা প্রথমে তাঁদের বাড়িগুলি স্থানীয় পুরসভাকে হস্তান্তর করে৷ এরপর সেই বাড়িগুলি নামমাত্র দামে বিক্রির উদ্যোগ নেয় পুর কর্তৃপক্ষ৷
তবে যে বাড়িগুলি ১ ইউরোর বিনিময়ে বিক্রি করা হচ্ছে সেগুলির অধিকাংশেরই অবস্থা খুব খারাপ নয়তো জরাজীর্ণ৷ ফলে বাড়ি কেনার পর সেগুলির মেরামতি এবং বাসযোগ্য করতে মোটা টাকা খরচ করতে হবে৷
বাড়ি কেনার সময় সম্ভাব্য ক্রেতাকে এক বছরের মধ্যে বাড়ি সংস্কারের পরিকল্পনা জমা দিতে হবে৷ শুধু তাই নয়, বাড়ি মেরামত করার আগে পর্যন্ত ১ হাজার থেকে ৫ হাজার ইউরো পুর কর্তৃপক্ষের কাছে জমাও রাখতে হবে৷ বাড়ির মেরামতি কাজের পর সেই অর্থ ফেরত দেওয়া হবে৷ (সূত্র: নিউজ এইট্টিন বাংলা)