Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

আতঙ্কের পরিবহে বিপদে ঝাঁপ: প্রজাতন্ত্র দিবসে হেমাদ্রির সাহসিকতা পেল পুরস্কার

যে কোনও এক বিপদের মুহূর্তে, যখন আপনার চারপাশের সবাই ভয়ে জবুথবু বা সিদ্ধান্তহীনতায় স্থবির, তখন আপনি কি সেই বিপদে ঝাঁপ দেবেন? ছত্তিসগড়ের মাটিয়া গ্রামে, এক সাহসী স্কুলছাত্রীর জন্য সেই আতঙ্কের একটি মুহূর্তই সাহসের মুহূর্তে পরিণত হয়েছিল।

২০২৫ সালের ২ অক্টোবর, প্রথম শ্রেণির একটি শিশু ঘটনাক্রমে মাটিয়া গ্রামের একটি পুকুরে পিছলে পড়ে যায় এবং ডুবে যেতে শুরু করে। চারপাশে থাকা প্রাপ্তবয়স্ক মানুষের দল ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে দাঁড়িয়ে যায়।
সেখানে থাকা একজন সাঁতার জানা ব্যক্তি তো জলে নামতেই অস্বীকার করেছিল। প্রতিটি সেকেন্ড অন্তহীন মনে হচ্ছিল। বাতাসে ভয় ছেয়ে গিয়েছিল। হঠাৎই সেখানে থাকা নবম শ্রেণির এক ছাত্রী হেমাদ্রি চৌধুরী কোনো অনুমতি বা আশ্বাসের জন্য অপেক্ষা না করে সরাসরি ঘোলা জলে ঝাঁপ দেয়।

পুকূরটি পাঁকে ভরা থাকায় সাঁতার কাটা ছিল বেশ অসুবিধার তবু গভীরতার সাথে লড়াই করে, হেমাদ্রী শিশুটির কাছে পৌঁছায় এবং তাকে নিরাপদে জলের উপরে তুলে আনে। তার এই নির্ভীক কাজটি শীঘ্রই পুরো গ্রামে একটি আলোচনার বিষয় হয়ে ওঠে। ২০২৫-এর নভেম্বরে, শিশু দিবসে তাকে স্কুল পর্যায়ে সম্মান প্রদান করা হয়।

এখন, ২০২৬ এর এই প্রজাতন্ত্র দিবসে, ছত্তিসগড় হেমাদ্রীকে তার উপস্থিত বুদ্ধি, নিঃস্বার্থ মনোভাব এবং অসাধারণ সাহসের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘রাজ্য সাহসিকতা পুরস্কার ২০২৫’ -এ ভূষিত করবে।
স্বার্থমগ্ন এই সময়ে আগামী প্রজন্মের এই দায়িত্ববোধ এক আলোকবর্তিকার মতো নয় কি!