দেশের উত্তর–পূর্বের ছোট শহরগুলির পাহাড়ি ঢালে গল্প, কফি আর নির্জনতা নিয়ে বুক–ক্যাফের এক অনন্য জগৎ।
দার্জিলিং থেকে শিলং—স্ক্রিনে নিমগ্ন থাকা দুনিয়ায়, বই পড়া, প্রত্যক্ষ আলাপচারিতা আর কমিউনিটি ফিলিংসকে নতুন করে ফিরিয়ে আনছে এই বুক ক্যাফেগুলো।
দার্জিলিংয়ের পাদদেশ থেকে শিলংয়ের আঁকাবাঁকা গলি—উত্তর–পূর্ব ভারতের বিস্তৃত অঞ্চলে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে বুকস্টোর ক্যাফে। এখানে কেবল কফিই নয়, স্ক্রিনের ভিড়, চাপ আর শহুরে শব্দের বাইরে পাওয়া যাচ্ছে এক শান্ত আশ্রয়।
এগুলোর মিলিত বৈশিষ্ট্য একই —এই ডিজিটাল সময়েও বইপড়া, কথোপকথন ও সম্প্রদায়বোধ যে সমান গুরুত্বপূর্ণ, সেই বিশ্বাস জাগিয়ে রাখা। ডিজিটাল ডিটক্স আন্দোলন থেকে শুরু করে স্থানীয়ভাবে তৈরি জার্নাল—এই ক্যাফেগুলো উত্তর–পূর্বের বিকশিত সৃষ্টিশীল সংস্কৃতির প্রতিচ্ছবি।
তাই পূর্বমুখী যাত্রায় এবার থেকে এড়িয়ে চলুন সাধারণ কফি চেইন—পাতার উষ্ণতা আর মানুষের উষ্ণতা যেখানে একসঙ্গে মেলে, সেই স্থানে খুঁজে নিন আপনার পরবর্তী গল্প।
আপনি ব্যাকপ্যাকার হোন, বইপাগল হোন কিংবা শুধু একটু নীরবতা খুঁজে বেড়ানো মানুষ—এই লুকোনো রত্নগুলো আপনাকে থামতে বাধ্য করবে।

১. রচনা বুকস, গ্যাংটক
গ্যাংটকের এক বিশেষ সাংস্কৃতিক ঠিকানা রচনা বুকস। আঞ্চলিক, রাজনৈতিক ও সাহিত্যকর্মের বাছাই করা সংগ্রহের পাশাপাশি রয়েছে আরামদায়ক ক্যাফে এবং একই পরিসরের মধ্যেই একটি মনোমুগ্ধকর বেড–অ্যান্ড–ব্রেকফাস্ট—যা গল্পের মাঝে থেকেই ঘুমিয়ে পড়তে চাওয়া ভ্রমণকারীদের জন্য একদম উপযুক্ত।
এখানে হাতে বানানো ডায়েরি, নোটপ্যাড, কোস্টার, স্টিকারসহ স্টেশনারিপ্রেমীদের জন্য নানা সামগ্রী তৈরি হয়। সিকিমি স্থানীয় ডিজাইন ব্র্যান্ডের টিশার্ট, মগ, জার্নালও পাওয়া যায়। বই দেখুন বা রাত কাটান—সৃজনশীল সিকিমের প্রাণ এখানে অনুভব করা যায়।
২. দ্য বিব্লিওফিলিয়া ক্যাফে, গুয়াহাটি
গুয়াহাটির পাঠকসমাজের প্রিয় স্থান বিব্লিওফিলিয়া বুকস্টোর ২০১৯ সালের জানুয়ারিতে ক্যাফে যুক্ত করে তৈরি করেছে কফি আর সংস্কৃতির নিখুঁত মিশেল। লেখকদের প্রতিকৃতি ও পুরনো বইয়ের কভার সাজানো দেয়াল—সমগ্র পরিবেশটাই লিখিত শব্দের প্রতি শ্রদ্ধা।
যদিও এখানে ধীরপাঠ উৎসাহিত করা হয়, তবুও রয়েছে ফ্রি ওয়াই–ফাই এবং ই-বুক, জার্নাল ও ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেস—ছাপা আর প্রযুক্তির অনবদ্য মেলবন্ধন। রবীন্দ্রনাথ থেকে মুরাকামি—সব ধরনের পাঠকের জন্যই এটি এক শান্ত নিরাপদ আশ্রয়।
৩. ক্যাফে দ্য টুইনস, শিলিগুড়ি
বিনব্যাগ, ফেয়ারি লাইট আর কমিউনিটি ভাব—এই তিনে গড়া শিলিগুড়ির ক্যাফে দ্য টুইনস। তবে এখানেই জন্ম নিয়েছে আরও গভীর উদ্যোগ—‘অ্যানালগ কানেক্ট’, একটি ডিজিটাল ডিটক্স আন্দোলন। এখানকার নিয়ম সহজ—মাসে একদিন স্ক্রিন থেকে সরে নিজের সঙ্গে এবং অন্যদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগে ফিরুন।
হট চকোলেট এর মগ হাতে কাগুজে বইয়ের পাতায় ডুবে যাওয়া কিংবা ‘হিউম্যান বুক’-এর সঙ্গে কথোপকথন—সবই এখানে সম্ভব। ধীর জীবনের সত্যিকারের আশ্রয়।
৪. নার্ডভানা বুকস অ্যান্ড কফি, দার্জিলিং
দার্জিলিংয়ের নার্ডভানা বইপোকা ও অ্যানিমে-প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা। বুকস্টোরের প্রথম তলায় রয়েছে সাই-ফাই, ফ্যান্টাসি, গ্রাফিক নভেল আর ‘গিক’ কালেকশনে ভরা আরামদায়ক ক্যাফে। তার ওপরে রয়েছে ঘিব্লি–থিমযুক্ত ক্যাফে—জাপানের জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিওর অনুপ্রেরণায় তৈরি; হিমালয়ের সৌন্দর্য আর Spirited Away–এর আবহ একসঙ্গে মেশা এক অনন্য অনুভূতি।
কমিকস, প্লাশি আর পাহাড়ের প্যানোরামিক দৃশ্য—সব মিলিয়ে সাহিত্য ও ফ্যান-ডম এর নিখুঁত সংযোগ।
৫. বুকস অ্যান্ড ব্রিউ, শিলং
শিলংয়ের তরুণদের পছন্দের জায়গা বুকস অ্যান্ড ব্রিউ—শিল্পসমৃদ্ধ সাজসজ্জা, রুফটপ এ আড্ডার আসর, সুস্বাদু খাবার এবং ছোট হলেও বাছাই করা বুকশেলফ—যেখানে রোম্যান্স থেকে সাই-ফাই, থ্রিলার থেকে মাঙ্গা—সবই মিলবে।
সংগ্রহ বড় নয়, তবে মনোযোগ দিয়ে সাজানো—লাতে কফির সঙ্গে হালকা হালকা পড়ার জন্য একদম উপযুক্ত। শিশুদের জন্য রয়েছে নানান মজার স্টেশনারি, তাই পরিবারসহ পাঠকরাও এটি পছন্দ করেন। বোর্ড গেম, ছাদের হাওয়া—সব মিলিয়ে একবার গেলে ফিরে ফিরে যাবার ইচ্ছে জাগে বারবার।


